পয়সা খরচা করে সফটওয়্যার কিনতে চান? আমি বলব একবার ভেবে দেখুন। যদি লিনাক্স অথবা ফ্রিবিএসডির ভক্ত হন, তাহলে এই ব্লগ পড়বার দরকার নেই। যাঁদের লিনাক্স/ফ্রিবিএসডি পছন্দ নয় তাঁরা উইন্ডোজ কিনবেন।
আগে ছাত্রদের উইন্ডোজ কিনতে অনেক ডলার/টাকা লাগতো। আজকাল লাগবে না। আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য মাইক্রোসফট দয়া করে তিন ডলারের বিনিময় ছাত্রদের অনেক সফটওয়্যার দিচ্ছে। তবে মাইক্রোসফটের এই দয়া নিঃশর্ত নয়।
উইন্ডোজ না হয় কিনলেন। তারপর কি করবেন? ফ্রীওয়্যার ব্যবহার করবেন? করতেই পারেন। তবে সবসময় নয়। অনেক ফ্রীওয়্যারে স্পাইওয়্যার থাকে। সুতরাং খুব নিশ্চিন্ত না হয়ে ফ্রীওয়্যার ব্যবহার করা উচিৎ নয়। কিন্তু সব কি ফ্রীওয়্যার হয়? যেমন মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে উপায় কি? ভাল উপায় আছে। ওপেনসোর্স সফটওয়্যার। ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহারকারীকে কতখানি দেয় বোঝার জন্য একবার ধৈর্য ধরে মাইক্রোসফটের EULA পড়তে হবে।
কিন্তু কোন ওপেনসোর্স? গুগলে খোঁজার কোন মানে হয় না। Open Source as Alternative নামে একটা খুব সুন্দর ওয়েবসাইট আছে। যাবতীয় ওপেনসোর্স সফটওয়্যারের সন্ধান সেখানে পেয়ে যাবেন।
ওপেনসোর্স সফটওয়্যারের জন্য কোন পয়সা লাগে না। তাহলে কি সফটওয়্যারকে পণ্য হিসাবে ভাবা যাবে? প্রফেসোর মাইকেল এ কুসুমানো তাই মনে করেন। এরিক এস রেমণ্ড ঠিক এর উল্টো ভাবেন।

