টাইটেল দেখে যদি ভাবেন যে ইংরেজী হরফে বাংলা শব্দ লেখা, তাহলে ভুল ভেবেছেন। Adda শব্দটা এখন অক্সফোর্ড অভিধানে এসে গেছে। আড্ডা আজকাল ইংরেজীতেও চলছে।
আড্ডা বাঙালীর রক্তে। আমার রক্তে। এখন সুপ্ত। সুযোগ নেই। নাকি আমি সুযোগ করে নিচ্ছি না? আমার পরিচিত জনগণ, যারা আড্ডা মারতে ভালবাসে, তারা আমার আশেপাশে নেই। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের আর রবিবারে পাচ্ছি কোথায়?
আড্ডা শব্দটার মানে অবাঙালীদের বোঝাতে হিমশিম খেতে হয়। হবেই তো! বাঙালীর মতো আড্ডা আর কে মারতে পারে?
সত্যজিত রায়ের My Years with Apu: A Memoir পড়ছিলাম। খুব আড্ডাপ্রিয় মানুষ ছিলেন। সবার জানা
ওনার কফি হাউসে নিয়মিত যাতায়াতের কথা। ওই বই থেকে শিখলাম (পৃষ্ঠা ৮৫) আড্ডার ইংরেজি সমার্থক শব্দ – talkathon। তাও বলছেন could be translated। অর্থাৎ কাছাকাছি শব্দ।
আমি দু-চারজনকে এই শব্দটা বলে দেখেছি। হয় নি। ওদের মগজে ঢোকে নি। ঢুকবে কি করে? কোনদিন আড্ডা মেরেছে?
আমার বন্ধু আমাকে ডাকছে। কটকে থাকে। বলছে “চলে আয়, আড্ডা মারা যাবে”। দুজনে আড্ডা মারা যায় না। মানে বেশীক্ষণ টানা যাবে না। তিনজন অথবা চারজন হলে ভাল। তবে নাই মামার চেয়ে কানা মামা ভাল। তাই ওর সঙ্গে ফোনেই আড্ডা মারি। দিব্যি বিল ওঠে। মোবাইল কম্পানী বড়লোক হচ্ছে।
তাই বলে ফোনে আড্ডা জমে? দুধের স্বাদ ঘোলে মেটে? জানা উত্তর। কখনোই না।

