আমরা সবাই জানি বাংলা ইউনিকোডের ব্যবহারিক উপযোগিতা। বাংলা ইউনিকোড ফন্ট এবং কিবোর্ড ইনস্টলেশনের উপর তথ্য আমার পরিচিতদের ই-মেল করলাম। তাঁদের কম্পিউটারে Windows 2000/XP আছে। কিন্তু কিবোর্ড ইনস্টল প্রায় কেউ করেন নি। আর ফন্ট কয়েকজন করেছেন। তারপর এই মেলটা পড়ে বুঝলাম, যে অনেকেই কিবোর্ড অথবা ফন্ট ইনস্টল করছেন না। তাই আজও আমাকে পিডিএফ ফর্মাটে বাংলা ডকুমেন্ট পাঠাতে হয়। আর যদি পিডিএফ ফর্মাট ব্যবহার করতে হয়, তাহলে ইউনিকোডের দরকার কি?
ইউনিকোড নয় এরকম অনেক সুন্দর ফন্ট আছে। ওই ফন্ট এবং আনুসঙ্গিক ভাল বাংলা সফটওয়ার দিয়ে যখন কাজ চলে যাচ্ছে, তখন নতুন কিছু চেষ্টা করে কি হবে? আর যদি Win98/ME থাকে তাহলে আর কোন প্রশ্ন ওঠে না পাল্টাবার। Win98/MEর বাজার মাত্র ৫% এবং Windows 2000/XPর বাজার প্রায় ৮৭%। কিন্তু এই সংখ্যাগুলো বৈধ ব্যবহারের উপর ভিত্তি করা। আমার আন্দাজ, Win98/MEর অবৈধ ব্যবহার এর চেয়ে অনেক বেশী হওয়া উচিৎ। ফায়ারফক্স Win98/MEর আয়ু বাড়িয়ে দিয়েছে। উইকিপেডিয়া বলছে Win98/MEতে যদি IE ৬.০ থাকে, তাহলে ইনস্টল করা ইউনিকোড ফন্ট দেখা যাবে।
তবে কি ইউনিকোড ব্যবহার না করার পেছনে শুধু Win 98/ME দায়ী? আমার এই আলোচনার অনেকাংশই একুশের ইহাহু গ্রুপে হয়ে গেছে। ল্যাপটপে অথবা পিসিতে Win2000/XP থাকলেও ইনস্টল হচ্ছে না কারণঃ
- সকল ল্যাপটপ/পিসি ব্যবহারকারীরা সফটওয়ার ইনস্টল করতে অভ্যস্ত নন অথবা দক্ষ নন। ইনস্টল করলেই চলবে না, কনফিগারও করতে হবে। এঁদের সংখ্যাই বেশী।
- অনেকের কম্পিউটারে (বিশেষ করে অফিসে অথবা সাইবার ক্যাফেতে) সফটওয়ার ইনস্টল করার প্রশাসনিক অধিকার নেই। ল্যাপটপে, ধরে নিচ্ছি, থাকবে। কিন্তু ল্যাপটপ সবার কাছে আছে কি?
- ২০ কোটি বাংলা ভাষীদের মধ্যে সবাই যে ভাল করে পড়তে বা লিখতে পারেন এমন কোন মানে নেই। তাঁদের সংখ্যা আর যাই হোক নগন্য নয়।
- অনেকের এই বিষয় কোন মাথা ব্যথা নেই। ভাষা জানলে অথবা বুঝলেই চলবে না। ভাষাকে ভালবাসতে হবে। ইংরেজী ভাষার মত, বাংলার অত ব্যবসায়িক মূল্য নেই।
কি ভাবে বাংলা ইউনিকোডের প্রসার বাড়ান যায়? Windows Vista, Windows XP (SP2)র মতই ইউনিকোড সমর্থন করবে। হয়তো বাংলা ফন্ট এবং মাইক্রোসফট বাংলা কিবোর্ড আর ভাল হবে। কিন্তু লাভ বিশেষ হবে বলে মনে হয় না। উপরে উল্লিখিত সমস্যাগুল থেকে যাবে।
তাহলে কি শুধু অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই? কয়েকজন ফন্ট ইনস্টল করবে, কিন্তু কিবর্ড ইনস্টল করবে না। ফন্ট ইনস্টল করা অপেক্ষাকৃত অনেক সহজ যদিও এর জন্যও প্রশাসনিক অধিকার চাই। অফিসের পিসি হলেও প্রশাসনিক অধিকার ফন্ট ইনস্টলেসনের জন্য পাওয়া সম্ভাবনা বেশী। অর্থাৎ আই-টি ম্যানেজারকে হয়তো রাজি করানো যাবে।
তাহলে উপায় একটাই। ইন্টারনেট (ওয়েব) ব্যবহার করা যেতে পারে। তাহলে কিবোর্ড ইনস্টল করার দরকার নেই। শুধু ইউনিকোড ফন্ট ইনস্টল করলেই হবে। কিভাবে? ওয়েব ভিত্তিক হলে সুবিধা কি? নীচে এর উত্তর দেওয়ার চেষ্টা করছি।
- এজ্যাক্স (Ajax) ব্যবহার করা যেতে পারে।
- কি বোর্ড দিয়ে ইংরাজীতে টাইপ করব। সার্ভারের কাজ হবে বাংলায় রূপান্তর করে ব্রাউসারে বাংলা ইউনিকোড ফন্টে দেখানো। ফোনেটিক ইংরেজী থেকে বাংলায় বর্ণান্তর করলে হয়তো একটু সহজ হবে।
- বাংলা বানান/ব্যাকরণ ঠিক করা, auto complete ইত্যাদি implement করা সহজ হবে।
- নতুন কোন এডিটার লেখার দরকার নেই। যখন এইরকম একটা এডিটার আছে।
- বিনি পয়সাতে দেওয়ার দরকার হবে না। Google Adsense ব্যবহার করা যেতে পারে।
- এই পদ্ধতি পামটপ অথবা অন্য কোন হ্যান্ডহেল্ড কম্পিউটারেও চলবে।
- হয়তো IE ৬.০ সহ Win98/MEতেও এই পদ্ধতি চলবে।
এইরকম না হলেও, একটা সীমিত, কিন্তু সুন্দর, ওয়েব ভিত্তিক প্রচেষ্টা হয়েছে। আর একটা ভাল প্রচেষ্টা হল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কনভার্টার।
বর্তমানে এই দুটো ওয়েব ভিত্তিক প্রচেষ্টা এগিয়ে আছে।
আমি বিশ্বাস করি যে আরও হবে। আমরা যত ওয়েব কেন্দ্রিক হয়ে যাব, তত উইন্ডোজ, লিনাক্স, ম্যাকের উপর নির্ভরতা কমে যাবে। এতে ক্রেতার মঙ্গলের সম্ভাবনা বেশী।

